শিক্ষা

সন্ত্রাসবাদ একটি ভয়াবহ ভাইরাস: তুরিন আফরোজ

সন্ত্রাসবাদ একটি ভয়াবহ ভাইরাস: তুরিন আফরোজ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালের প্রসিকিউটর ও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির আইন বিভাগের চেয়ারপার্সন ব্যারিস্টার ড. তুরিন আফরোজ বলেছেন, সন্ত্রাসবাদ একটি ভয়াবহ ভাইরাস, যা অতি দ্রুত সংক্রমিত হয়। আর তাই যতক্ষণ পর্যন্ত একজন সন্ত্রাসীও বাংলাদেশে উপস্থিত থাকবে, আমাদের এই সন্ত্রাসবাদ প্রতিরোধের লড়াই অব্যাহত রাখতে হবে।

বৃহস্পতিবার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির আইন বিভাগের ধারাবাহিক সেমিনার ‘মিট দ্য লিগার মাইন্ডস’ এ তিনি এ কথা বলেন।

‘সন্ত্রাস প্রতিরোধে দায় কার?’ শিরোনামে এই সেমিনারে ড. তুরিন আফরোজ আরো বলেন, সন্ত্রাসবাদ একটি বৈশ্বিক সমস্যা। এটি কোন ব্যক্তি বা রাষ্ট্রের পক্ষে একা প্রতিরোধ করা সম্ভব নয়। সন্ত্রাসবাদ প্রতিরোধের দায় আমাদের সবার ওপরই বর্তায়। তারপরও আমাদের আইনশৃঙ্খলা বাহিনী বাংলাদেশে সন্ত্রাস দমনে যে দক্ষতা দেখিয়েছে তা প্রশংসার দাবিদার।

ড. তুরিন আফরোজের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপি’র কাউন্টার টেরোরিজম বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার আব্দুল মান্নান। মূল বক্তব্য উপস্থাপন করেন আইন বিভাগের প্রভাষক মনিরা নাজমী জাহান।
এসময় আব্দুল মান্নান সন্ত্রাসবাদের আন্তর্জাতিক ও দেশীয় প্রেক্ষাপট তুলে ধরেন। এক্ষেত্রে তিনি তার কর্মক্ষেত্রের সন্ত্রাসবাদ সংক্রান্ত অসংখ্য অভিজ্ঞতার কথা বর্ণনা করেন। তিনি বলেন, সন্ত্রাসীরা ধর্মকে একটি বড় হাতিয়ার হিসেবে ব্যবহার করে থাকে। তাই এই ব্যাপারে সবসময় সজাগ থাকতে হবে।
প্রভাষক মনিরা নাজমী জাহান তার মূল বক্তব্যে একজন মানুষ কেন অপরাধ করে থাকে বা অপরাধ করার প্রতি আকৃষ্ট বোধ করে সে বিষয়ে তার বিশ্লেষণাত্মক আলোচনা তুলে ধরেন। তিনি সমসাময়িক অসংখ্য ঘটনাবলীর উদাহরণ থেকে সন্ত্রাসবাদের বিভিন্ন দিকের ওপর আলোকপাত করেন। তিনি বলেন, কোন কেতাবি তত্ত্বই প্রকৃতপক্ষে পূর্ণাঙ্গভাবে সন্ত্রাসবাদের বিষয়টিকে ব্যাখ্যা করতে পারে না।
অনুষ্ঠানে আইন বিভাগের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

বিষয়:ড. তুরিন আফরোজ সন্ত্রাসবাদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…