বিনোদন

শেষ বিকেলে মায়ের সঙ্গে রিক্সায় চড়ে ভোটকেন্দ্রে শাকিব

তারকাদের ভোট:

শেষ বিকেলে মায়ের সঙ্গে রিক্সায় চড়ে ভোটকেন্দ্রে শাকিব

৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনের দিন। জাতীয় নির্বাচনের এ দিনে দেশের একজন সচেতন নাগরিক হিসেবে ভোট দিয়েছেন দেশের চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান। তবে ভোট প্রদান করতে ঢাকাই ছবির এই ‘রাজাবাবু’ একা যাননি, সঙ্গে নিয়ে গিয়েছিলেন তার মা রেজেয়া বেগমকে।

শাকিব খান ঢাকা-১৭ আসনের (গুলশান, বনানী, ক্যান্ট. ভাষানটেক এলাকা) ভোটার। বিকেল ৩.৪০ মিনিটে শাকিব খান রিক্সায় চড়ে তার মাকে নিয়ে গুলশানের মডেল স্কুলের ভোট কেন্দ্রে যান। ভোট প্রদান শেষে কেন্দ্র থেকে মাকে নিয়ে হাসিমুখে বেরিয়ে আসেন বাংলা চলচ্চিত্রের এই সুপারস্টার।

এরপর ভোট কেন্দ্রে থেকে চ্যানেল আই অনলাইনের এই প্রতিবেদককে শাকিব খান জানান, দুপুরের আগেই তার বাবা (আবদুর রব) একই কেন্দ্রে এসে ভোট দিয়ে গেছেন। তিনি বলেন, আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান। ছোটবেলা থেকে রিক্সা, বাইক এসব চড়ে বড় হয়েছি। বাসার পাশেই ভোট কেন্দ্র। সেজন্য মাকে নিয়ে রিক্সায় চড়ে ভোট কেন্দ্রে এলাম।

শাকিব খান বলেন, কেন্দ্রের পরিবেশন শান্তিপূর্ণ। অত্যন্ত সুষ্ঠুভাবে ভোট প্রদান হচ্ছে। আমি প্রথমে মনে করেছিলাম কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম থাকবে। কিন্তু গিয়ে দেখলাম ভিন্ন চিত্র। নারী-পুরুষ আলাদাভাবে সারিবদ্ধভাবে লাইন দিয়ে ভোট দিতে যাচ্ছে। আরও একটা জিনিস ভালো লেগেছে, ভোট কেন্দ্রে গিয়ে আমার অনেক পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হয়েছে, আলাপ হয়েছে। এখন ফলাফলের জন্য অপেক্ষা।

তিনি বলেন, দেশের একজন সচেতন নাগরিক হিসেবে ভোট প্রদান করা আমার দায়িত্ব ও কর্তব্য। সব দলের অংশ গ্রহণে উৎসবের আমেজে নির্বাচন হচ্ছে। সেখানে আমিও সামিল হলাম। যাকে যোগ্য মনে করেছি তাকে ভোট দিয়েছি। শাকিব খান বলেন, আমি চাই নির্বাচনের সব ঝামেলা যেন একদিনেই শেষ হয়ে যাবে। তাহলে সব সেক্টরের কাজে গতি ফিরে আসবে।

শাকিব খান যে আসনের ভোটার, সেখান থেকে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন চিত্রনায়ক ফারুক। ধানের শীষ প্রতীকে তার প্রতিদ্বন্দ্বিতা করছিলেন আন্দালিব রহমান পার্থ। দুপুরের পরেই ওই আসনের বিভিন্ন কেন্দ্রে ভোট জালিয়াতির অভিযোগ এনে পার্থ নির্বাচন বর্জন করেন।

বিষয়:আন্দালিভ রহমান পার্থ একাদশ জাতীয় নির্বাচন চিত্রনায়ক ফারুক ঢাকা ১৭ আসন শাকিব খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…