লা লিগার সমাধান করে দেবে এই ম্যাচ?

একটা সময় দুদলের পয়েন্ট ব্যবধান ছিল ১১। এরপর শীর্ষে থাকা দলটি যখন পয়েন্ট হারিয়েছে, আরেক দল তখন দুরন্ত গতিটা ধরে রেখেছে। তাতে পয়েন্ট ব্যবধান কমে দাঁড়িয়েছে পাঁচে। রোববার ন্যু ক্যাম্পে মুখোমুখি হওয়ার অপেক্ষায় সেই দুদল। লা লিগায় লড়াইয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্ট হারানো দলটি বার্সেলোনা, আর রিয়াল যখন শিরোপার দৌড় থেকে অনেক পেছনে তখন নিজেদের কাজটা ঠিকঠাক করে টাইটেলের সম্ভাবনা জাগিয়ে রাখা দলটি অ্যাটলেটিকো মাদ্রিদ।
রোববার বাংলাদেশ সময় রাত ৯.১৫মিনিটে মুখোমুখি হবে বার্সা-অ্যাটলেটিকো। ম্যাচটা অতিথিরা জিততে পারলে পয়েন্ট ব্যবধান কমে দাঁড়াবে দুইয়ে। তাতে আরও জমে উঠবে লা লিগার শিরোপাযুদ্ধ। আর বার্সা জিতলে অ্যাটলেটিকোর সঙ্গে ব্যবধান দাঁড়াবে আট পয়েন্ট। হয়ত শিরোপা জেতার পথেও এগিয়ে যাবে অনেকটা।
অ্যাটলেটিকো কোচ ডিয়েগো সিমিওনে জানেন বার্সার মাঠ থেকে জিতে ফেরাটা হবে বেশ কঠিন! তবে শিষ্যদের প্রতি দারুণ আস্থা আর্জেন্টাইন কোচের। সেটা সঙ্গী করে কাতালানদের প্রতি প্রচ্ছন্ন হুমকিতে জানিয়ে দিলেন ম্যাচটা তো জিতবেনই, সঙ্গে লা লিগার শিরোপাটাও।
‘আমরা জানি তাদের সঙ্গে খেলাটা কঠিন। আর লিগ শিরোপা জেতাটাও অসম্ভব। কিন্তু অ্যাটলেটিকো জানে কীভাবে অসম্ভবকে সম্ভব করা যায়।’
নতুন বছরে অ্যাটলেটিকো মেতেছে প্রতিপক্ষকে ধসিয়ে দেওয়ার উৎসবে। দলের প্রধান ফরোয়ার্ড অ্যান্থনিও গ্রিজম্যান আবার করেছেন টানা দুই ম্যাচে হ্যাটট্রিক। শেষটিতে আছে চার গোল।
রোজাব্লাঙ্কোসদের শক্তি বাড়িয়েছেন ডিয়েগো কস্তা। চেলসি থেকে এসে মৌসুমের শুরু থেকে দলে থাকলেও খেলছেন জানুয়ারি থেকে। তাতে যেন গোলক্ষুধাটা আরও বেড়েছে স্প্যানিশ ফরোয়ার্ডের।
উল্টোপিঠে শেষ দুই মাসে বার্সা যেন ঠিক বার্সার মত নয়! লা লিগায় তারা এখন পর্যন্ত অপরাজিত ঠিকই, কিন্তু শেষ পাঁচ ম্যাচে তিনবার ড্র করেছে দলটি। যার মধ্যে আছে শেষ ম্যাচে পুঁচকে লাস পালমাসের বিপক্ষে ১-১ গোলে ড্র করার টাটকা স্মৃতিও। ঘরের মাঠেই আছে ড্রয়ের দুটি। ২৬ ম্যাচে ৬৬ পয়েন্টে টেবিলের শীর্ষে কাতালানরা। পাঁচ পয়েন্ট ব্যবধানে দাঁড়িয়ে তপ্ত নিঃশ্বাস ফেলছে অ্যাটলেটিকো।
তারপরও দলটি যখন বার্সা, যে দলে আছেন লিওনেল মেসির মত একজন মহাতারকা। তাকে সঙ্গ দিতে আছেন লুইস সুয়ারেজ, ফিলিপে কৌতিনহো, আন্দ্রেস ইনিয়েস্তাদের মত নাম; তারা তো ভয়ঙ্করই। অবশ্য মেসিকে আটকানোর মত সাহস করছেন না সিমিওনে নিজেও, ‘মেসিকে আটকানোর মত কোন কৌশল আমার জানা নেই। আপনি তাকে আটকাতে পারবেন না। কারণ সে প্রকৃতিপ্রদত্ত।’
শেষ আট মৌসুমে অ্যাটলেটিকোর কাছে লা লিগায় হারেনি বার্সা। তাই ম্যাচটা সর্বস্ব দিয়ে লড়াইয়ের প্রত্যয় সিমিওনের। আর জিততে পারলেই ব্যবধান দাঁড়াবে দুইয়ে। আপাতত দৃষ্টিতে এই ম্যাচটিই যে লিগের ভবিষ্যৎ গড়ে দেবে তা বুঝতে বড় ফুটবল বোদ্ধা হওয়ার প্রয়োজন নেই!
কিন্তু বার্সার কৌশল ঠিক করবেন যে ভালভার্দে, মেসিদের সেই কোচই বলছেন এই ম্যাচটি লা লিগার ফাইনাল নয়। যে জিতবে তার জন্য হয়ত গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট মিলবে, কিন্তু এই ম্যাচ দিয়ে লা লিগা শিরোপা নির্ধারিত হবে না।



