স্পোর্টস

রুবেলের ‘জন্মতারিখ বিভ্রাট’ মিটবে দ্রুতই

বাংলাদেশ ক্রিকেটার রুবেল হোসেন মাঠে ব্যাটিং প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

রুবেল হোসেন

দুই টেস্টের সিরিজ খেলতে বাংলাদেশ দল সাউথ আফ্রিকায় পৌঁছে অনুশীলনও শুরু করে দিয়েছে। কিন্তু স্কোয়াডে থাকা রুবেল হোসেন এখনও দেশেই বসে আছেন। প্রোটিয়াদের ইমিগ্রেশন বিভাগ থেকে নিরাপত্তা-সংক্রান্ত ছাড়পত্র না আসায় শাহজালাল বিমানবন্দর থেকে ফিরে আসতে হয়েছে টাইগার পেসারকে। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান জানালেন, দুই-একদিনের মধ্যেই ছাড়পত্র পেয়ে যাবেন রুবেল এবং দলের সঙ্গে যোগ দেবেন।

‘রুবেল হোসেন’ নামের এক বাংলাদেশি সাউথ আফ্রিকার ইমিগ্রেশনে কালো তালিকাভুক্ত। সেই ব্যক্তির নামের সঙ্গে জন্মতারিখও মিলে যাওয়ায় জটিলতা তৈরি হয়েছে। এমিরেটস এয়ারলাইন্স কর্তৃপক্ষ রুবেলকে বিমানে তুলতে অস্বীকৃতি জানায়। দলের সবাই চলে গেলেও তাই বাসায় ফিরে আসেন রুবেল।

মঙ্গলবার বিসিবি কার্যালয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আকরাম জানালেন, ‘হয়ত আরও দুই-একদিন সময় লাগবে। ওর জন্মতারিখ নিয়ে একটা ঝামেলা হয়েছে, ভুলটা কিন্তু দূতাবাস থেকে হয়েছে। ওরা খুবই চেষ্টা করছে। হয়ত এক-দুইদিনের মধ্যে সুরাহা হয়ে যাবে। বাংলাদেশের হয়ে সে সব জায়গায় খেলতে গিয়েছে। এটা একটা মিসটেক হয়েছে। দুইদিন সাউথ আফ্রিকার দূতাবাস বন্ধ ছিল। গতকাল কাজ শুরু হয়েছে, আজ বা কালকের মধ্যেই ব্যাপারটা সুরাহা হয়ে যাবে।’

ঝামেলা না মিটলে অন্য কাউকে স্কোয়াডে আনা হবে কিনা, এমন সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন আকরাম, ‘এটা তো সুরাহা হতেই হবে। ও তো আমাদের দলের গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। তাকে বাংলাদেশের দরকার আছে। এমন একটি ভুলের কারণে বাইরে থাকতে হবে, এটা তো হতে পারে না।’

আকরাম খান

১৬ সেপ্টেম্বর রাতে রওনা হয়ে সাউথ আফ্রিকায় পৌঁছে এক দিন বিশ্রামের পর বেনোনির সাহারা উইলোমুর পার্ক মাঠে সোমবার অনুশীলন করেছে বাংলাদেশ দল। দলের সঙ্গে যোগ দিয়েছেন বিশ্ব একাদশের হয়ে পাকিস্তানে খেলতে যাওয়া তামিম ইকবাল ও ইংল্যান্ডে হাই-পারফরম্যান্স দলের সঙ্গে থাকা শুভাশিস রায়।

২১ সেপ্টেম্বর বেনোনির মাঠেই সাউথ আফ্রিকার আমন্ত্রিত একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচ খেলার সম্ভাবনা কমে আসছে রুবেলের। মঙ্গলবার বিকেল পর্যন্ত ছাড়পত্র পাননি টাইগার পেসার।

ভিডিও রিপোর্ট:

বিষয়:রুবেল হোসেন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…