রিয়ালের উল্টোরথে বার্সা

রিয়াল মাদ্রিদ যখন ক্রিস্টিয়ানো রোনালদোর অভাব হাড়েহাড়ে টের পাচ্ছে, তখন বার্সেলোনার হয়ে বছরটা গোল দিয়েই শুরু করেছেন লিওনেল মেসি। নিজেদের মাঠে রিয়ালের হারের রাতে গেটাফের মাঠ থেকে জয় নিয়ে ফিরেছে বার্সা। মেসির সঙ্গে লুইস সুয়ারেজের গোলে বর্তমান চ্যাম্পিয়নদের জয়টা ২-১ গোলের।
এই জয়ে লিগের শীর্ষস্থানটা আরেকটু পাকাপোক্ত হল বার্সার। ১৮ ম্যাচে ৪০ পয়েন্ট মেসির দলের। টেবিলের দ্বিতীয়স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদ সেভিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করে পয়েন্ট খুইয়েছে। আর রিয়ালতো হেরেই বসেছে। আলাভেসের নিচে থেকে টেবিলের পাঁচ নম্বরে স্থান লস ব্লাঙ্কোসদের।
ম্যাচের ২০ মিনিটে মেসি ও ৩৯ মিনিটে সুয়ারেজ গোল করলে বার্সা কত গোলে জয় পাবে সেটা নিয়েই ছিল আগ্রহ। কিন্তু একাধিক সহজ গোলের সুযোগ হাতছাড়া করায় আর গোলসংখ্যা বাড়েনি কাতালান জায়ান্টদের। উল্টো ৪৩ মিনিটে হাইমে মাতা এক গোল শোধ দেন। তাতে শেষ পর্যন্ত বিপদে পড়েনি বার্সা।
মৌসুমের পর বার্সা ছাড়তে পারেন কোচ আর্নেস্টো ভালভার্দে, এমন গুঞ্জন বার্সেলোনার আকাশ ঘিরে। ম্যাচের পর কোচকে থেকে যাওয়ার অনুরোধ করেছেন বার্সার ক্রোয়েট মিডফিল্ডার ইভান রাকিটিচ, ‘আমরা পুরো কোচিং স্টাফ এবং কোচকে নিয়ে খুব খুশি। তিনি হয়তো আমাদের সঙ্গে সামনের সময়টাতেও থাকবেন। কিন্তু আমাদের নিজেদেরও ভালো খেলতে হবে।’






