শিক্ষা

ভর্তি জালিয়াতি: যুবকের ১ বছরের কারাদণ্ড

ভর্তি জালিয়াতি: যুবকের ১ বছরের কারাদণ্ড

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় জালিয়াতির দায়ে মুনসুর রহমান নামের এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড অথবা ত্রিশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার সকাল ১০টার দিকে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট রনী খাতুন এ দণ্ডাদেশ দেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

মুনসুর রহমান রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রাম এলাকার বাসিন্দা নিজাম উদ্দিনের ছেলে। তিনি রাবির ইতিহাস বিভাগের ২০১০-১১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার সকাল ৮টা থেকে ব্যবসায় অনুষদের ‘বি-২’ গ্রুপের পরীক্ষা শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী ভবনের ৪২৫ নম্বর কক্ষে প্রকৃত পরীক্ষার্থী আল-আমিনের হয়ে প্রক্সি দিচ্ছিলেন মুনসুর।

পরীক্ষার সময় মুনসুরের গতিবিধি সন্দেহ হওয়ায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর লুৎফর রহমান তার কাগজপত্র যাচাই করেন।

এরপর ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট রনী খাতুনকে খবর দেন। তিনি এসে মুনসুরকে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে তার জালিয়াতির বিষয়টি ধরা পড়লে তাকে এ দণ্ড দেয়া  হয়।

লুৎফর রহমান বলেন, ‘পরীক্ষার হল পরিদর্শনের সময় মুনসুরকে দেখে সন্দেহ হলে হল পরিদর্শক ও আমি তার কাগজপত্র দেখি। পরে ভ্রাম্যমাণ আদালতে খবর দিলে তারা এসে তাকে আটক করেন।’

বিষয়:ভর্তি জালিয়াতি ভ্রাম্যমাণ আদালত রাজশাহী বিশ্ববিদ্যালয়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…