ব্যাটিং বিপর্যয়ে সিলেট, বল গড়ায়নি ঢাকা-বরিশাল ম্যাচে

ফাইল ছবি
বৃষ্টি বাধায় রাজশাহীতে বল গড়াতে গড়াতে কাটা পড়ে গেছে ৩০ ওভারের বেশি। যতটুকু গড়িয়েছে তাতেই বিপদে পড়ে গেছে সিলেট। ১৯তম জাতীয় ক্রিকেট লিগের উদ্বোধনী দিনে স্বাগতিকদের বিপক্ষে ১১২ রান তুলতে ৭ উইকেট হারিয়েছে ইমতিয়াজ হোসাইনের দল।
দেরিতে শুরু হওয়া ম্যাচে ৩৮ রানের মধ্যে প্রথম উইকেট হারায় সিলেট। ব্যক্তিগত ১২ রানে শানাজ আহমেদের বিদায়ের মধ্য দিয়ে বিপর্যয়ের শুরু। অধিনায়ক ইমতিয়াজ ৩৮ রান করে কিছুটা প্রতিরোধের চেষ্টা করেছিলেন। তার বিদায়ের পর একে একে ব্যাটসম্যানরা উইকেটে এসেছেন আর কিছুক্ষণ ব্যাটিং করে সাজঘরে ফিরেছেন।
রাজশাহী বোলারদের মধ্যে তিনজন ছিলেন সমান সফল। সাকলাইন সজীব, মুক্তার আলী এবং ফরহাদ রেজা প্রত্যেকেই নিয়েছেন ২টি করে উইকেট।
কক্সবাজারে ঢাকা-বরিশালের প্রথম স্তরের ম্যাচে একটি বলও মাঠে গড়াতে পারেনি বৃষ্টির কারণে। প্রকৃতির বাধা এতটাই জোরালো ছিল যে টস পর্যন্ত হয়নি ম্যাচটিতে।






