প্রথমবারের মতো ঢাকায় পল্লবী

পল্লবী চট্টোপাধ্যায়
প্রথমবারের মতো ঢাকায় এসেছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী পল্লবী চট্টোপাধ্যায়। মাত্র একদিনের জন্য এসেছেন তিনি। আর এই সময়ের মাঝেই কথা বললেন চ্যানেল আই অনলাইনের সাথে। আজ চ্যানেল আই ভবনে তার সঙ্গে কথা হয়।
কেমন আছেন?
ভালো আছি।
প্রথমবারের মতো ঢাকায় এসেছেন, কেমন লাগছে?
ভীষণ ভালো লাগছে। মনে হচ্ছে আমার বড় একটা স্বপ্ন পূরণ হলো। ছোটবেলা থেকে আমার কখনও বাংলাদেশ কিংবা ঢাকাকে পশ্চিমবঙ্গ থেকে আলাদা মনে হয়নি। আমার বাবা এবং দাদার কাছে এত গল্প শুনেছি যে আমার কাছে ভীষণ চেনা এদেশ।
কলকাতার জনপ্রিয় অভিনেতা প্রসেনজিত চট্টোপাধ্যায় তো আপনার দাদা..
হ্যাঁ। উনি আমার দাদা। আমার দাদাও তো এদেশে ছবি করেছে। ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে করেছে ‘মনের মানুষ’। সহশিল্পী ছিলেন পাওলী দাম। সম্প্রতি করেছে ‘শঙ্খচিল’। এছাড়া আমার বাবা বিশ্বজিত চট্টোপাধ্যায়, উনিও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ নিয়ে কাজ করেছেন।
বাংলাদেশে এসে ভালো লেগেছে এমন কিছু বলুন
সবচেয়ে ভালো লাগছে এখানকার মানুষের আতিথেয়তা এবং আন্তরিকতা। তারা যে কি মিশুক তা আমি হয়তো বলেও বুঝাতে পারবো না। বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা আলমগীর, উনাকে তো আমি আব্বু সম্বোধন করি। তার এবং সঙ্গীতশিল্পী রুনা লায়লার বাসাতেই উঠেছি আমি। আমি তাদের আতিথেয়তা ভুলতে পারবো না কখনোই।
কোথাও ঘুরতে যাবার প্ল্যান আছে?
ঘুরতে ইচ্ছে করছে অনেক জায়গায়। বিশেষ করে কক্সবাজার। কিন্তু এবার সময় করতে পারবো না। অল্প সময়ে অনেক কাজ নিয়ে এসেছি।

আপনার ছবির কোনো কাজ?
ছবির কাজ নয়। সামনে দুবাইয়ে একটি ইভেন্ট করবো আমরা। আর সে ব্যাপারে কাজ নিয়ে এসেছি এবার।
সামনে কি ছবি আসছে আপনার?
সামনে আসছে ‘টেককেয়ার’ ছবিটি। যার কাহিনী হলো ক্যানসার সচেতনতা নিয়ে। ছবিতে আরও অভিনয় করেছেন পাওলী দাম। এছাড়া আসছে ‘গুহা মানব’ ‘মাদার’ ছবি। মায়ের ফিলিংস কখনও সময়ের সাথে পাল্টায় না এটাই হলো ‘মাদার’ ছবির বিশেষত্ব।
ছবির বাইরে আর কি কাজ করছেন?
আমি তো গান গাইতে অনেক পছন্দ করি। আর সেটা নিজের ভালো লাগা থেকেই। নাচও করি। এছাড়া আমার প্রোডাকশন হাউজ আছে ‘ডি-ম্যাক্স’ এন্টারটেইনমেন্ট। সেখান থেকেও নিয়মিত নানা ধরণের কাজ করছি।
সামনে তো পূজা। কি প্ল্যান আছে?
কেনাকাটা করবো। তবে নিজের জন্য নয়, পরিবার ও বন্ধুদের জন্য গিফট কিনবো। আর দশমীর দিনে আমার দাদা প্রসেনজিতের জন্মদিন। আমাকেই তো সেখানে হোস্ট হতে হবে (হা হা হা)।
আবার কবে বাংলাদেশে আসবেন?
খুব শ্রীঘ্রই আসবো। আমার মন পড়ে থাকবে এখানে। পৃথিবীর বহু দেশ আমি ঘুরেছি। কিন্তু আতিথেয়তা, সাংস্কৃতিক দিক থেকে এত উন্নত এমন কোথাও দেখিনি।
ধন্যবাদ চ্যানেল আই অনলাইনকে সময় দেবার জন্য।
আপনাকেও ধন্যবাদ।
ছবি: জাকির সবুজ



