পিএসজির গোলোৎসবে নেইমারের সঙ্গে এমবাপেও

পিএসজির খেলোয়াড়রা গোলের পর একসঙ্গে উদযাপন করছে, সবুজ মাঠে।. Channel i News – চ্যানেল আই নিউজ
কাভানি পুরনো সৈনিক, যোগ হয়েছেন নেইমার, এবার দল ভারী করলেন এমবাপে; উড়ল পিএসজিও। শুক্রবার রাতে ফ্রেঞ্চ লিগ ওয়ানে তিন তারকার সম্মিলিত প্রযোজনায় মের্টজকে ৫-১ গোলে বিধ্বস্ত করেছে পিএসজি।
প্রতিপক্ষের মাঠে এডিনসন কাভানির জোড়া গোলের সঙ্গে একটি করে গোল পেয়েছেন অভিষিক্ত কাইলিয়ান এমবাপে, নেইমার ও লুকাস মৌরা।
স্বাগতিক মের্টজ ডিফেন্ডাররা পিএসজির আক্রমণভাগকে আটকে রাখতে পারে কেবল প্রথম আধাঘণ্টাই। ৩১ মিনিটে জালমুখ খুলে সেই দেয়াল ভাঙেন কাভানি। ম্যাচের ৩৭ মিনিটে ফরোয়ার্ড ইমানুয়েল রিভেইরির গোলে সমতায় ফেরে স্বাগতিকরা।
মধ্যবিরতির পর ফিরে দশজনের দল হয়ে পড়ে স্বাগতিকরা। ৫৬ মিনিটের সময় এমবাপেকে বাজেভাবে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন ডিফেন্ডার বেনোইট আস্সু-ইকোত্তো।
পরের গল্পটা শুধু পিএসজির। ৫৯ মিনিটে স্কোরশিটে নাম তোলেন অভিষিক্ত এমবাপে। ৬৯ মিনিটে ব্যবধান বাড়ান নেইমার। ২৫ গজী দূরপাল্লার বাঁকানো শটে থাকল নেইমারীয় জাদু।
আক্রমণের ধার ধরে রেখে ম্যাচের ৭৫ মিনিটে আরেকদফা ব্যবধান বাড়ান কাভানি। আর ৮৮ মিনিটে শেষ পেরেক ঠুকে সেটা ৫-১ করেন মৌরা।






