নর্থ কোরিয়ায় বিধ্বস্ত কৃষ্ণারা

বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে গোল উদযাপন করছে, আনন্দে ভাসছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
নর্থ কোরিয়ার মত কঠিন প্রতিপক্ষের বিপক্ষে একমাত্র আত্মবিশ্বাসই ছিল ভরসা। সেই ভরসার পালে হাওয়া যোগাতে পারেনি বাংলাদেশের মেয়েরা। এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপে নর্থ কোরিয়ার কাছে ৯-০ গোলে হেরেছে কৃষ্ণার দল।
সোমবার থাইল্যান্ডের চোনবুরি স্টেডিয়ামে প্রথমার্ধেই ৪-০ গোলে পিছিয়ে পড়ে গোলাম রব্বানি ছোটনের শিষ্যরা। ম্যাচের পাঁচ মিনিটেই বাংলাদেশের জাল খুঁজে পান প্রতিপক্ষের কিম কিয়ং-ইয়ং। দলের হয়ে সর্বোচ্চ ৫ গোলও এসেছে এই নর্থ কোরিয়ান ফরোয়ার্ডের কাছ থেকে।
দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের আক্রমণে বেসামাল হয়ে পড়ে বাংলাদেশের মেয়েরা। এই অর্ধেই আরও পাঁচ গোল খেয়ে বিশাল হার নিয়ে মাঠ ছাড়তে হয় কৃষ্ণার দলকে।
আগামী ম্যাচে কৃষ্ণা-স্বপ্নাদের পরীক্ষা আরও কঠিন প্রতিপক্ষের সামনে। বৃহস্পতিবার তিনবারের শিরোপাজয়ী জাপানের মুখোমুখি হবে লাল-সবুজের মেয়েরা।



