আবার অভিনয়ে ফিরতে চাচ্ছেন অপু বিশ্বাস। কিন্তু তার জন্য চাই অনেক প্রস্তুতি। বছর দেড়েক যাবৎ তিনি চলচ্চিত্র থেকে দূরে আছেন। এ সময়ে তিনি মা হয়েছেন। শারীরিক ভাবে তার অনেক পরিবর্তন হয়েছে। ওজন বেড়েছে। আবার আগের অবস্থায় ফেরার জন্য তাকে কঠোর পরিশ্রম করতে হবে। কিন্তু এর জন্য চিকিৎসকের পরামর্শ খুবই প্রয়োজন। যাতে ওজন কমাতে গিয়ে শারীরিক কোনো বড় সমস্যা তৈরি না হয়। আর এই পরামর্শ নেওয়ার জন্য আগামীকাল সোমবার কলকাতা যাচ্ছেন অপু বিশ্বাস।
আজ রোববার বিকালে তিনি জানালেন, তার ছেলে আব্রামের বয়স এখন নয় মাস। আর আব্রামের জন্ম হয়েছে সিজারের মাধ্যমে। তখন অপু কলকাতায় ছিলেন। তিনি মনে করছেন, এখন কলকাতায় তার চিকিৎসকের কাছ থেকে প্রয়োজনীয় পরামর্শ নিয়ে তবেই তিনি অন্য কাজগুলো করবেন।
অপু জানান, পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে তার মা আর বোন আছেন। তিনি তাদের কাছেই যাচ্ছেন। ২০ জুলাই দেশে ফিরবেন তিনি। সঙ্গে ছেলে আব্রামকেও নিয়ে যাচ্ছেন।
চিত্রনায়ক শাকিব খান ছবির কাজে এখন আছেন কলকাতায়। কিন্তু ওখানে অপু বিশ্বাস আর আব্রামের সঙ্গে তার দেখা হওয়ার কোনো সম্ভাবনা নেই।









