আদালত

এমপি রানাকে আদালতে স্বশরীরে হাজির রাখার নির্দেশ

এমপি রানা

এমপি রানা। ফাইল ছবি

মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলার ধার্য দিনে টাঙ্গাইল-৩ আসনের সংসদ সদস্য আমানুর রহমান খান রানাকে বিচারিক আদালতে স্বশরীরে হাজির রাখতে আদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

আমানুর রহমান খান রানার জামিন সংক্রান্ত শুনানিতে অ্যাটর্নি জেনারেল বলেন, রানাকে তো কোর্টে আনা হয় না। তখন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন তিন বিচারপতির আপিল বেঞ্চ মামলার ধার্য দিনে বিচারিক আদালতে রানাকে স্বশরীরে হাজির রাখতে নির্দেশ দেন।

এরপর আদালত রানার জামিন বিষয়ে শুনানি ১৫ অক্টোবর পর্যন্ত মুলতবি করেন।

আদালতে রানার পক্ষে ছিলেন ব্যারিস্টার রোকনুদ্দিন মাহমুদ, আর রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

এর আগে গত ৮ মে মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলায় টাঙ্গাইল-৩ আসনের সংসদ সদস্য আমানুর রহমান খান রানাকে হাইকোর্টের দেয়া জামিন ৪ মাসের জন্য স্থগিত করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সেইসঙ্গে ৬ মাসের মধ্যে এই মামলা নিষ্পত্তির নির্দেশ দেয়া হয়।

তার আগে গত ১৮ এপ্রিল হাইকোর্টের দেয়া অন্তর্বর্তীকালীন জামিন ৮ মে পর্যন্ত স্থগিত করেন সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতির আদালত।

গত ১৩ এপ্রিল আমানুর রহমান খান রানাকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছিলেন হাইকোর্ট।

আওয়ামী লীগের টাঙ্গাইল জেলা কমিটির সদস্য ফারুক আহমেদকে ২০১৩ সালের ১৮ জানুয়ারি গুলি করে হত্যা করা হয়। ওই ঘটনায় দায়ের করা মামলায় আমানুর গত বছরের ১৮ সেপ্টেম্বর আদালতে আত্মসমর্পণ করলে তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন বিচারক।

বিষয়:এমপি রানা টাঙ্গাইল ফারুক হত্যা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…