এমআই এ১ মডেলের স্মার্টফোন আনল শাওমি

শাওমির এমআই এ১ মডেলের তিনটি রঙের স্মার্টফোন, গোল্ড, পিঙ্ক ও ব্ল্যাক, বিভিন্ন কোণ থেকে দেখানো হয়েছে, আধুনিক ডিজাইন ও ফিচার সহ।. Channel i News – চ্যানেল আই নিউজ
উন্নয়নশীল বাজারের জন্য ২০১৪ সালে অ্যান্ড্রয়েড ওয়ান স্মার্টফোন নিয়ে কাজ শুরু করেছিল গুগল। এরপর বেশ কয়েকটি মডেলের অ্যান্ড্রয়েড স্মার্টফোন বাজারে এলেও হঠাৎ করেই প্রায় বন্ধ হয়ে যায় এই উদ্যোগ। তবে শাওমির হাত ধরে আবারও বাজারে ফিরছে অ্যান্ড্রয়েড ওয়ান। প্রতিষ্ঠানটি উন্মুক্ত করেছে এমআই এ১ মডেলের একটি স্মার্টফোন যার দাম ধরা হয়েছে ২৩৪ ডলার।
তবে এই ফোনটি হলো সম্প্রতি বাজারে আসা এমআই ৫এক্স-এর একটি ভ্যারিয়েন্ট। ফুল মেটালিক বডির স্মার্টফোনটিতে আছে ৫.৫ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৬২৫ চিপসেট, ৪ গিগাবাইট র্যাম, ৬৪ গিগাবাইট স্টোরেজ।
এর বড় আকর্ষণ ডুয়েল রিয়ার ক্যামেরা যার দুটি সেন্সরই ১২ মেগাপিক্সেলের। এর একটিতে আছে টেলিফটো লেন্স এবং অন্যটিতে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। আরও আছে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে ৩০৮০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি।
শাওমির অন্যান্য স্মার্টফোনে নিজস্ব কাস্টমাইজড ইউআই ব্যবহার করা হলেও এই স্মার্টফোনটি চলবে স্টক রমেই। এর সাথে গুগলের কিছু প্রি-লোডেড অ্যাপও থাকবে। এর অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড ৭.১.২ ন্যুগাট। শাওমি জানিয়েছে, শিগগিরই এতে পাওয়া যাবে অ্যান্ড্রয়েড ওরিও আপডেট। এছাড়া ভবিষ্যতে অ্যান্ড্রয়েড পি অপারেটিং সিস্টেমের আপডেটও পাওয়া যাবে সময়মতো।
বাংলাদেশসহ মোট ৩৭টি দেশের বাজারে নতুন এই স্মার্টফোনটি পাওয়া যাবে। ভারতের বাজারে স্মার্টফোনটি কেনা যাবে ১২ সেপ্টেম্বর থেকে। তবে বাংলাদেশের বাজারে কবে থেকে পাওয়া যাবে এবং দাম কত হবে, সে ব্যাপারে এখনও কিছু জানানো হয়নি।



